ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭৮ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বাধিক ৭২ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে)। এছাড়া, ঢাকা মহানগরে ৬৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৬ জন, চট্টগ্রামে ৩৫ জন, রাজশাহীতে ৩৫ জন, খুলনায় ১৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৯৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন দশ হাজারের বেশি রোগী।
এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে, যাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।

