যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস: সরকারের সফলতাকে স্বাগত জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১০ অপরাহন, গাস্ট ১, ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনাকে একটি বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রচেষ্টার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরে ‘জুলাই আন্দোলনের’ শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শুল্ক কমানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে প্রচেষ্টা চালিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এটি দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও পরিবার পুনর্বাসনের বিষয়টি আমরা আশা করেছিলাম। যদিও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কিছু উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজ জনগণ স্লোগান নয়, কাজ দেখতে চায়। তারা চায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও অবাধ নির্বাচন। দেশে এখন এমন সংসদ দরকার যেখানে প্রকৃত অর্থে জনগণের কথা তুলে ধরা হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, আমরা একটা বিরাট ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়; তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপস থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোন মতেই সামনে আসতে দেব না।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ওপরে যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের ওপর আস্থা রাখছে। অপেক্ষা করছি, কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন। কবে নেতৃত্ব দেবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যে তারেক রহমান সাহেব অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন সেটাই আমাদের কামনা।

Nagad