লোকাল বাসে তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসা ঝড়
যুক্তরাজ্যে সাধারণ যাত্রীর মতো গণপরিবহনে চড়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লন্ডনের উত্তরাংশে একটি লোকাল বাসস্টপে তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্স পরা অবস্থায়, হাতে মোবাইল ধরে জনসাধারণের বেঞ্চে বসে থাকতে। এরপর একটি লাল ডাবল-ডেকার বাসে অন্য যাত্রীদের সঙ্গে তিনি উঠেন এবং গন্তব্যে পৌঁছে নেমে যান—নেই কোনো দেহরক্ষী, বহর কিংবা প্রটোকল।
শুক্রবার (১ আগস্ট) সকালে নিউ ভিক্টোরিয়া হসপিটালের একটি বাসস্টপে তোলা ছবিতে তারেককে দেখা যায় নিজের মোবাইলে কিছু পড়ছেন। পাশে লেখা রয়েছে বাসের গন্তব্য: কিংস্টন। আরেকটি ছবিতে তিনি বাসে উঠছেন, অন্যটিতে নামছেন।
সাধারণ মানুষের মতো চলাফেরা করায় অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন—এটি “অ্যান্টি-ভিআইপি” রাজনীতির একটি প্রভাবশালী বার্তা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যেখানে নেতাদের জন্য আলাদা গেট, প্রটোকল ও নিরাপত্তা নিয়ম—সেখানে তারেক রহমানের এমন ভিন্নধর্মী উপস্থিতি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও ছবিগুলো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়, “যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করেন আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান—এটাই তার বিনয়, সাধারণ জীবন ও জনগণের সঙ্গে সম্পর্কের প্রতিফলন।”
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। চিকিৎসা, মামলা ও রাজনীতির ব্যস্ততায় কেটেছে প্রবাসজীবনের সময়। তবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনায় তিনি এখনো সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

