গুগল সার্চ থেকে চ্যাটজিপিটি কথোপকথন সরাল ওপেনএআই, ফিচার বাতিল
সার্চ রেজাল্টে চ্যাটজিপিটির কথোপকথন খুঁজে পাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে ওপেনএআই। ‘শর্ট লিভড এক্সপেরিমেন্ট’ নামের একটি ফিচার সরিয়ে নেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ড্যান স্টাকি।
এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাটজিপিটি কথোপকথনের জন্য শেয়ারযোগ্য লিংক তৈরি করতে পারতেন। তবে সম্প্রতি এ নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ ও অভিযোগ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয় ওপেনএআই।
ঘটনার সূত্রপাত হয় চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফাস্ট কোম্পানি-এর একটি প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, গুগলের সার্চ রেজাল্টে হাজার হাজার চ্যাটজিপিটি কনভারসেশন খুঁজে পাওয়া গেছে, যেগুলোর উৎস কিংবা কথোপকথনের ব্যবহারকারীদের পরিচয় প্রকাশ না থাকলেও বিষয়টি স্পষ্টভাবে উদ্বেগজনক।
তবে এটি কোনো হ্যাক বা ডেটা ফাঁসের ঘটনা নয় বলে জানায় ওপেনএআই। মূলত যেসব কথোপকথনের জন্য ব্যবহারকারীরা শেয়ারযোগ্য ইউারএল লিংক তৈরি করেছিলেন, সেগুলোই সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে গিয়েছিল।
এই বিষয়ে ফাস্ট কোম্পানি জানায়, অনেক ব্যবহারকারী মেসেজিং অ্যাপে অন্যদের সঙ্গে চ্যাট শেয়ার করার জন্য অথবা ভবিষ্যতে আবারও একই কথোপকথনে প্রবেশের সুবিধার্থে এসব লিংক তৈরি করেছিলেন।
ব্যাপক প্রতিক্রিয়া এবং গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠার পর ড্যান স্টাকি বলেন, “এটি একটি অস্থায়ী ফিচার ছিল এবং ব্যবহারকারীদের প্রাইভেসির কথা বিবেচনা করে আমরা তা বন্ধ করেছি।”
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও সতর্ক হতে হবে। একইসঙ্গে, যেকোনো নতুন ফিচার চালুর আগে তার সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করাও জরুরি।

