ঢাকায় ৩ সংগঠনের কর্মসূচি আজ, যান চলাচলে ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্, গাস্ট ৩, ২০২৫

আজ রোববার (৩ আগস্ট) রাজধানী ঢাকায় ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর পৃথক তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কিছু এলাকায় যান চলাচলে ডাইভারশন ও নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় রাজধানীবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদল শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ করবে। এনসিপি বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ আয়োজন করবে সাইমুম শিল্পীগোষ্ঠী।

ডিএমপি জানিয়েছে, জনসমাগমের কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানচলাচলে সমস্যা হবে। এজন্য কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া হয়েছে এবং বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক সমূহ-

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

সাইন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক হতে আগত যানবাহনসমূহ কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

Nagad

হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনসমূহ মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলাচল করবে। অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আগত যানবাহনসমূহকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

শহীদ মিনার-সংলগ্ন রাস্তাসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীগণকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ করা হলো।