কোনোদিনই শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে-আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না। আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো।

তিনি বলেন, আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারাদেশ থেকে তরুণ এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করছিল আওয়ামী লীগ।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। এটা নতুন দিগন্তের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে একটি নতুন সুযোগ এসেছে-এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার।

মির্জা ফখরুল বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আজ আনন্দের হলেও এটি একটি কষ্টের দিন-আমরা এক বছর আগে এই দিনে আমাদের ভাইদের হারিয়েছি।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য।

Nagad

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনোদিন রাজনীতি করার সুযোগ দেব না।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আশাবাদী— আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে অংশগ্রহণ করবেন এবং বিজয়ী হবেন।