সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত ইসি : নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচন কমিশন (ইসি) এখন সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই ইসি গণতন্ত্র ও ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, কমিশনের অধিকাংশ অঙ্গজুড়ে সামরিক উর্দি, আর বাকিরা দলীয় পোশাকে আচ্ছাদিত। এটা এখন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। আমরা এখনও তাদের ভুল ধরিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি। কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে, তারা ভোটাধিকার কাড়তে উদ্যত।
রোববার (৩ আগস্ট) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা এমন প্রক্রিয়া তৈরি করছে, যাতে কেউ ভোট নিতেও না পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ ভোট নিতে আসে, তাতেও সমস্যা সৃষ্টি করা হচ্ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ছে।
বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন বলেন, ‘যদি ভোটই নিতে না পারি, জনগণ যদি আমাকে ভোট দিতে চায়, কিন্তু আমি যদি ভোট নেওয়ার সুযোগ না পাই, তাহলে ভোটে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমরা ইসিকে বারবার কারেকশনের সুযোগ দিচ্ছি। কিন্তু তারা যদি সামরিক ও দলীয় উর্দিতে মেরুদণ্ড বিকিয়ে দেয়, তাহলে আমরা বাধ্য হবো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।’

