ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪
ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসী প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক নিয়ে নৌকাটি ইয়েমেনের আবইয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনায় ১২ জন জীবিত উদ্ধার হলেও বাকিদের মধ্যে অনেকেই নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, খানফার জেলায় ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৪ জনের মরদেহ ভেসে এসেছে অন্য একটি স্থানে। এসব মৃতদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫৪ জন নিহত হয়েছেন।
জাঞ্জিবারের স্বাস্থ্য অফিসের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, শাকরা শহরের কাছে নিহতদের দাফনের ব্যবস্থা চলছে এবং উদ্ধার অভিযান কঠিন পরিস্থিতির মধ্যেও অব্যাহত রয়েছে।

