শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াত
শ্রমিকদের চিকিৎসা সেবায় কেন্দ্রীয়ভাবে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, শ্রমিকরা ওই হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন।
রোববার (৩ আগস্ট) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে দৃঢ়ভাবে কাজ করছে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে ইতোমধ্যে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য ও হয়রানি রোধে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। কর্মপরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ করা উচিত নয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
অনুষ্ঠান শেষে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

