৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
৫ আগস্ট উপলক্ষে কোনও ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বরাবরের মতো সরকার সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। মব বা জনতাকে সহিংসতার জন্য সংগঠিত করার প্রবণতাও কমে এসেছে।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে—এটাই আমাদের নীতিগত সিদ্ধান্ত।

