শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় ২য় দিনেই চাঞ্চল্যকর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১২ অপরাহন, গাস্ট ৪, ২০২৫

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানিতে আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।

সাক্ষ্য দেন আহত ভুক্তভোগী ঢাকা কলেজের ছাত্র ইমরান এবং দিনমজুর পারভীন। উভয়েই ওই হামলায় গুরুতর আহত হন এবং একজন দৃষ্টিশক্তি হারান, অপরজন স্থায়ীভাবে পঙ্গু হন। তারা আদালতে শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রত্যক্ষ দায়ের অভিযোগ করেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে আগামী ৬ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

১ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগ আমলে নেয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এদের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে, ১৪ জুলাই গণভবনের বক্তব্যে উসকানি দিয়ে প্রায় দেড় হাজার নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যার প্ররোচনা ও দায়, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ড, ঢাকার চানখাঁরপুলে ছয়জন আন্দোলনকারীর গুলি করে হত্যার ঘটনা, আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা।

প্রসঙ্গত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনাল তাকে শর্তসাপেক্ষে ক্ষমা দিয়েছে।

Nagad

উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার বিরুদ্ধে এটি মোট চতুর্থ মামলা। এর আগে ২ জুলাই এক আদালত অবমাননার মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটাই ছিল প্রথম মামলার রায়। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, গাজী এম এইচ তামিম ও মিজানুল ইসলাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন।