আওয়ামী লীগ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে: প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণাকালে ৮ নম্বর পয়েন্টে তিনি এ কথা উল্লেখ করেন।

৯ নম্বর পয়েন্টে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

ঘোষণাপত্রে ১০ নম্বর পয়েন্টে প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ‘তথাকথিত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থপাচার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করেছে। একইসঙ্গে পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুও হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। এ থেকে পরিত্রাণ পেতে হলে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, আজকের ঘোষণাপত্র পাঠ ছিল অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ। বিকেল থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।

Nagad