পরবর্তী সরকারের মন্ত্রীদের গাড়ি-বাসা নিশ্চিতে আগাম প্রস্তুতি
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য পরবর্তী সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য যানবাহন ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার বিষয়টি নিয়ে ৭ আগস্ট (বুধবার) একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এছাড়াও এতে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীতে নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে বাসা চিহ্নিত করার কাজ শুরু করেছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে গত ২০ জুলাই একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে যাতে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যাতায়াত ও আবাসন সংক্রান্ত কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।