নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘আজ প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন—একটি হলো জুলাই ঘোষণাপত্র, আরেকটি নির্বাচনের ঘোষণা। আমরা এই উভয় ঘোষণাকেই আন্তরিকভাবে স্বাগত জানাই।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদান ও আহতদের আইনি ও রাষ্ট্রীয় সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। এটি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। এ ঘোষণাকে আমরা সংবিধানে সংস্থান করে বাস্তবায়ন করবো, এ প্রতিশ্রুতি আগেও দিয়েছি, এখন আবারো দিচ্ছি।’
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা বলেছেন, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি।’
তিনি আরও বলেন, ‘এর মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে যেসব জল্পনা-কল্পনা বা দোদুল্যমানতা ছিল, তা এখন শেষ হয়েছে। জাতি এখন একটি নির্বাচনমুখী পরিবেশের দিকে এগিয়ে যাবে।’
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আশা করি, ইনশাল্লাহ সামনে যে নির্বাচন হবে, তা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এ লক্ষ্যে জাতির সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের এ ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আরও মজবুত হবে, ব্যবসা-বাণিজ্যে এবং বিনিয়োগে আস্থা ও গতি ফিরে আসবে বলে আমরা আশা করি।’

