‘গেরিলা প্রশিক্ষণ’ অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক
আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে অবস্থিত ‘কেবি কনভেনশন হল’-এ গোপন বৈঠক ও প্রশিক্ষণের ঘটনায় সুমাইয়া জাফরিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই অভিযোগে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে, একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হন মেজর সাদিক। অভিযোগ অনুযায়ী, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় তার স্ত্রী সুমাইয়াকে নিয়েই কাজ করতেন।
প্রসঙ্গত, এই কনভেনশন সেন্টারে গোপন বৈঠক চলাকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং দলের বিভিন্ন সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

