দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এরপর থেকেই বিষয়টি তদন্তাধীন ছিল।
দুদকের দায়ের করা মামলায় কী কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে শিগগিরই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে ডিবি সূত্রে জানা গেছে।
অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। দায়িত্বকালীন সময়ে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ নিয়ে তদন্ত শুরু করে দুদক, যার পরিপ্রেক্ষিতেই এই মামলা এবং সর্বশেষে গ্রেপ্তার।

