ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদন
ফিলিস্তিনি ছিটমহল গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করে নিরাপত্তা মন্ত্রিসভা—যার মাধ্যমে গাজা শহরের দখলদারিত্বকে সামনে রেখে একটি বড় ধরনের সামরিক অভিযানের পথ উন্মুক্ত হলো।
আল-জাজিরা জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা না দিলেও, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী হামাসকে পরাজিত করার লক্ষ্যে গাজা শহরে সামরিক অভিযান চালানো হবে। অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাবের অংশ হিসেবে গাজা শহরের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
রভিদ আরও লিখেছেন, গাজা শহরের চারপাশে হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল আক্রমণ চালানো হবে।
ওয়াশিংটন ডিসিতে আল-জাজিরার সংবাদদাতা শিহাব রত্তানসি মন্তব্য করেছেন, গাজা দখলের পরিকল্পনা কয়েক দিন ধরেই ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়েছেন। তার ভাষ্য—এই সিদ্ধান্ত পুরোপুরি ইসরায়েলিদের ওপর নির্ভর করবে।”
এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফিলিস্তিন সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং মানবিক বিপর্যয় বাড়বে।

