আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্, গাস্ট ৯, ২০২৫

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবির ১৮টি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করলে রাত ১২টার পর থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্যার এ এফ রহমান হল, মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির সামনে সমবেত হন এবং পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’সহ নানা স্লোগান দেন এবং হলে রাজনীতির অবসান দাবি করে ৬ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে— কমিটি দেওয়ার কারণ ব্যাখ্যা, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যমান সব গুপ্ত কমিটি বিলুপ্ত, হল ও একাডেমিক এলাকায় রাজনীতি নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান, সব হল কমিটি বাতিল, প্রভোস্টদের ক্ষমা প্রার্থনা এবং দ্রুত ডাকসু বাস্তবায়ন।

উপাচার্য জানান, ২০২৪ সালের ১৭ জুলাই আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি হল প্রশাসন কাজ করবে। একই সঙ্গে ঘোষিত কমিটি নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার সকালে ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করে, যা শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের জন্ম দেয়।

Nagad