মালয়েশিয়ায় দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় মিলল মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্, গাস্ট ৯, ২০২৫

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য চালু হলো বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার (৮ আগস্ট) থেকে দেশটির অভিবাসন বিভাগ এ ভিসা প্রদান শুরু করেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের এমইভির জন্য আলাদা করে আবেদন করতে হবে না। বৈধ পিএলকেএস ধারকদের আগামী বছরের নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই এমইভি দেওয়া হবে এবং আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ তা সমন্বয় করবে।

এমইভি চালুর ফলে অভিবাসী কর্মীদের দেশের ভেতরে-বাইরে যাতায়াতের সুবিধা বাড়বে এবং পাসপোর্ট ও ভিসার অপব্যবহারের ঝুঁকি কমবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বিদেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের ভিড়ও কমবে।

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে দূতাবাস।

এর আগে গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই আলোচনার ভিত্তিতেই মালয়েশিয়া সরকার গত ১০ জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করে।

বর্তমানে মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়, তবে এতদিন কেবল বাংলাদেশি কর্মীদেরই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা নানা ভোগান্তির কারণ ছিল। নতুন এ সিদ্ধান্তে বাংলাদেশি কর্মীরা এখন সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন।

Nagad