দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে দল হিসেবে কোনো বেআইনি কাজ করেনি দল। তবে নৈতিকভাবে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, তা হলে দেশের মানুষ ও দলের প্রতি তিনি নিঃশর্ত ক্ষমা চান।
শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টিতে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, গত প্রায় চার বছর আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ভুল-ত্রুটি আমার থাকতে পারে, যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমরা সবসময় দলীয় সিদ্ধান্ত অনুসরণ করেছি, হয়তো সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি।
তিনি আরও বলেন, বহু নির্বাচনে অংশ নিয়েছি। অনেকে আমাদের বিভিন্ন কটূক্তি করেন, আবার কখনো স্বৈরাচার সহযোগী হিসেবে আখ্যায়িত করেন। তবে আমরা একটি শান্তিপূর্ণ, আধুনিক গণতান্ত্রিক দল এবং দেশের উন্নয়নে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।
জাতীয় পার্টির মহাসচিব দেশের সকল রাজনৈতিক দল, সরকারসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

