ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
ফয়েজ তৈয়ব আহমেদ জানান, অক্টোবরের মধ্যে ক্যামেরা সংগ্রহের লক্ষ্য রয়েছে, যাতে পুলিশ সদস্যরা এর গুরুত্বপূর্ণ ফিচার—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা ব্যবহারে প্রশিক্ষণ নিতে পারেন। ক্যামেরা সরবরাহ নিয়ে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা ডিভাইসটি বুকে ঝুলিয়ে রাখবেন।
প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয়প্রক্রিয়া শেষ ও প্রশিক্ষণ নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, যেকোনো মূল্যে সব ভোটকেন্দ্রের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে চাই।
এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। অ্যাপটিতে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারঅ্যাকটিভ ফিচার থাকবে। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালুর নির্দেশ দেন।

