হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ফাইল ছবি

পলাতক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।

রবিবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদক প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় ও বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকায় ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রদত্ত পদক প্রত্যাহার করা হয়েছে। এ সঙ্গে পদকসংক্রান্ত সব আর্থিক সুবিধা বন্ধ এবং পূর্বে প্রাপ্ত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।