ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪৩৪ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৮ অপরাহন, গাস্ট ১১, ২০২৫

ছবি: এআই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ৫৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুসহ নতুন আক্রান্তের এ পরিসংখ্যান পাওয়া গেছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, বরং সারা বছরই হচ্ছে এবং বর্ষাকালে তা বৃদ্ধি পাচ্ছে। অধ্যাপক ড. আতিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহার, সিটি করপোরেশনের প্রচার-প্রচারণা এবং জনগণের সচেতনতার ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, কার্যকর মশা দমন নিশ্চিত করতে শুধু জেল-জরিমানা বা সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট নয়; বরং সঠিক জরিপ, দক্ষ জনবল ও সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Nagad