বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর ও নোট বিনিময় হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
তিনটি নোটের মধ্যে রয়েছে— উচ্চশিক্ষা খাতে সহযোগিতা (বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের মধ্যে বিনিময়)
কূটনীতিকদের প্রশিক্ষণ সহযোগিতা (একই দুই কর্মকর্তার মধ্যে বিনিময়)
হালাল ইকোসিস্টেমে সহযোগিতা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসানের মধ্যে বিনিময়)
পাঁচটি সমঝোতা স্মারক হলো—
প্রতিরক্ষা সহযোগিতা – বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে স্বাক্ষর।
এলএনজি সরবরাহ, অবকাঠামো, পেট্রোলিয়াম খাতে সহযোগিতা – বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ও মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রীর মধ্যে স্বাক্ষর।
কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা – বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষর।
প্রযুক্তি সহযোগিতা – বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) ও মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডির মধ্যে স্বাক্ষর।
বাণিজ্য ও শিল্প সহযোগিতা – এফবিসিসিআই ও মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে স্বাক্ষর।
এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

