সাদা পাথর লুট: তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্, গাস্ট ১৪, ২০২৫

সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ তথ্য নিশ্চিত করেন।

রিটে উল্লেখ করা হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয় এবং সাদা পাথর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণ জানতে একটি রুল জারির আবেদন করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্রসচিব, পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানীগঞ্জের ইউএনওসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে বুধবার রাতে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় লুটপাট ঠেকাতে ও চুরি হওয়া পাথর পুনঃস্থাপনে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সাদাপাথর ও জাফলং ইসিএ এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ দায়িত্ব, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ রাখা, পাথর চুরিতে জড়িতদের গ্রেফতার এবং উদ্ধারকৃত পাথর আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া।

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাথর কোয়ারিগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

Nagad