ভোলাগঞ্জে চুরি হওয়া পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ
সিলেটের ভোলাগঞ্জে চুরি হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাথর লুটকারীদের তালিকা আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রিটটি দায়ের করেন। এতে আরও বলা হয়, পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করা হোক।
উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় প্রকাশ্যে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে।