আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৭ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

সংগৃহীত ছবি

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই উচ্চপদস্থ মন্ত্রী। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান আগামী ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। এরপর ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ঢাকা সফরে প্রধান আলোচ্য বিষয় হবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি। এছাড়া পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের ঢাকায় সফরও সম্ভাব্য, বিষয়টি উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৩ আগস্টের দুই দিনের সফরটি ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। সফরের দ্বিতীয় দিন (২৪ আগস্ট) তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

ইসহাক দারের ঢাকা সফরের আগে গত ১৬-১৭ এপ্রিল বাংলাদেশ সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তখন দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি বছরের ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কারণে স্থগিত করা হয়। এবার নতুন করে সফর সূচি চূড়ান্ত করা হয়েছে।

Nagad

২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। তিনি ঢাকা সফরে উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন।