ঢাবিতে ঠিকাদারি টাকা নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। রাকিব ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক ছিলেন।
জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। প্রক্টরিয়াল টিম তাকে আটক করতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে সেখান থেকে ধরে ফেলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন এবং তাকে থানায় হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মুনসুর জানান, রাকিবকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

