সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর সংবাদদাতা:দিনাজপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৭:১৩ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫

সংগৃহীত ছবি

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার(১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম পুনরায় শুরু হয়। প্রথম চালানে ৩০ টন পেঁয়াজ এসেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জগদীশ চন্দ্র রায় এ চালানটি এনেছে। প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস জানান, সরকারের অনুমতি অনুযায়ী পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৫০ ডলার বা ৩০ হাজার ৩৬০ টাকা দরে আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, “দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। আমদানি বাড়লে বাজারে সরবরাহও বাড়বে এবং দাম আরও কমে আসবে।”

এর আগে চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।