শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে: যুক্তরাষ্ট্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্, গাস্ট ১৯, ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তির অংশ হিসেবে উভয় দেশকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।

তিনি জানান, শান্তিচুক্তিতে কোন সীমারেখা নির্ধারণ হবে তা ঠিক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে কেবল উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা।

রুবিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে বলে জানান রুবিও। তিনি বলেন, শান্তিচুক্তি কার্যকর হওয়ার পরই এ নিশ্চয়তা কার্যকর হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতে নিরাপদ বোধ করে।

রুবিওর ভাষায়, অনেক দেশই ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে ইউক্রেনীয়দের মতে, তাদের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী নিশ্চয়তা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা। সূত্র: বিবিসি

Nagad