পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের প্রত্যন্ত চতরা বিলে চরমপন্থি ময়েজ বাহিনীর আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এবং দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানার যৌথ টিম চতরা বিলের ওই আস্তানায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন পাবনা সদর উপজেলার মনির হোসেন (৪০) ও রেজাউল ইসলাম (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।

স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ময়েজ বাহিনী তৎপর ছিল। দিনের বেলায় চোখে পড়া কম হলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত, যার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের প্রত্যন্ত চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ময়েজ বাহিনী সাধারণ মানুষকে জিম্মি করত। অভিযানের সময় ৮ চেম্বার বিশিষ্ট একটি রিভলবার, একটি ওয়ার শুটারগান এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Nagad