ভারতে আওয়ামী লীগের সব অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৪৮ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

ভারতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস খোলার খবরের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নয়াদিল্লি ও কলকাতায় দলটির রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়টি ‘বাংলাদেশবিরোধী তৎপরতা’ বলে উল্লেখ করেছে সরকার।

বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ। তাই অবিলম্বে দিল্লি ও কলকাতায় খোলা আওয়ামী লীগের সব কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

সরকার বলছে, ভারতের মাটিতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ক্রমবর্ধমানভাবে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। দলটির বহু জ্যেষ্ঠ নেতা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হিসেবে দেশে পলাতক, তবে তারা ভারতে অবস্থান করছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি নামবিহীন এনজিওর আড়ালে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেন এবং সাংবাদিকদের মাঝে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ নিষিদ্ধ দলের কার্যক্রম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেছে বাংলাদেশ সরকার।

ঢাকা মনে করে, কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এ অবস্থায় ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে যাতে বাংলাদেশি নাগরিকরা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হতে না পারে এবং আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো দ্রুত বন্ধ করা হয়।

Nagad