সাদা পাথর লুট: কঠোর হুঁশিয়ারি দিল বিজিবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। তবে বিজিবি জানিয়েছে, সীমান্তে দায়িত্ব পালনের সময় কোনো সদস্যের অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় রাজনৈতিক দল, প্রভাবশালী নেতা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
পোস্টে বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত সুরক্ষা এবং জাতীয় সম্পদ রক্ষায় সংস্থাটি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সিলেট ব্যাটালিয়ন-৪৮ নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত লাখ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। একই সঙ্গে বোমা-মেশিন, পাথর ভাঙার যন্ত্র, শত শত বারকি নৌকা ও ট্রাকসহ বিপুল সরঞ্জাম আটক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি দৃঢ়ভাবে জানিয়েছে, সীমান্তে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষায় কোনো প্রকার ব্যত্যয় বরদাস্ত করা হবে না। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।