চাপ এলে পদত্যাগ করবেন: কমিশনের নিরপেক্ষতা প্রশ্নে সিইসি নাসির উদ্দিন
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রে সবচেয়ে আলোচিত ইস্যু হলো নির্বাচন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন থাকলেও নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন-সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে তিনি পদত্যাগ করবেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে সিইসি এ বক্তব্য দেন।
সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাত করছে না। আমরা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে চাই। যেদিন সরকার চাইবে আমাদের দিয়ে তাদের মতো কাজ করাতে, সেদিন এই চেয়ারে নাসির উদ্দিনকে পাবেন না। সেটি আমি গ্যারান্টি দিতে পারি।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে নির্বাচন কমিশনের ওপর সরকারের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও বর্তমানে তেমন কোনো চাপ আসেনি।
অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তারা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের দায়িত্বে রাখা হবে না বলেও সতর্ক করেছেন সিইসি। তিনি জানান, কমিশনের অধীনে ৫৭০০ কর্মকর্তা রয়েছেন এবং যারা সৎভাবে দায়িত্ব পালন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে, নির্বাচনী কেনাকাটা ও সীমানা নির্ধারণের কাজও শেষ পর্যায়ে। রোববার থেকে নির্বাচনী সীমানা নিয়ে শুনানি শুরু হবে।
বর্তমান সংবিধানে আনুপাতিক পদ্ধতিতে ভোটের বিধান নেই বলে উল্লেখ করেন তিনি। তবে আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা সম্ভব। এছাড়া সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাসির উদ্দিন স্পষ্ট করে বলেন, যারা ভোটকেন্দ্র দখল বা অস্ত্রের মাধ্যমে জেতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন গরম হয়ে উঠেছে। এ অবস্থায় সিইসির বক্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষায় প্রমাণ হবে, কমিশন আসলেই চাপের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে কিনা।

