একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে আগামী ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট।
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় ধাপে যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয়নি বা আবেদন করেও আসন পায়নি, তারা নতুন করে আবেদন করতে পারবে।
কেন্দ্রীয় ভর্তিকমিটির প্রধান ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, এবার ভর্তিযোগ্য মোট কলেজ ও মাদরাসার সংখ্যা ৮ হাজার ১৫টি। এসব প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।
প্রথম ধাপে আবেদন করেছিলেন ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তবে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও আসন পায়নি। তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে পারবে।