ওয়াশিংটনে হবে বিশ্বকাপের ড্র, তারিখ জানালেন ট্রাম্প
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ আগস্ট) তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র।
এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই মহাযজ্ঞের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের পাশে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বিশ্বকাপের ড্র ঘোষণা করার পাশাপাশি ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপের প্রতীকী ট্রফি।
এই সময় ট্রাম্প রসিকতা করে বলেন, আমি কি এটা রাখতে পারি? ট্রফি হাতে নিয়ে তিনি হাস্যরসে বলেন, এটা সত্যিই অসাধারণ সোনার টুকরো।
ফিফা সভাপতি ইনফ্যান্তিনোও হালকা রসিকতার ছলে বলেন, শুধু বিজয়ীরাই এই ট্রফি ধরতে পারে, আর আপনি যেহেতু একজন বিজয়ী, আপনিও ধরতে পারেন।
ট্রফিটি হাতে নিতেই এক মজার মুহূর্ত তৈরি হয়, যখন ট্রাম্প প্রায় ট্রফিটি হাত থেকে ফেলে দিচ্ছিলেন। তবে ইনফ্যান্তিনো সেটি সামলে নেন।
পরে ফিফা সভাপতি ট্রাম্পকে বিশ্বকাপ ফাইনালের একটি প্রতীকী টিকিট উপহার দেন। ওই টিকিটে লেখা ছিল ‘রো ১, সিট ১’, যা ২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য নির্ধারিত।
প্রসঙ্গত, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। যদিও ২০২০ সালের নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, তবে গত বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবারও হোয়াইট হাউসে ফেরেন।

