রবিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের ইসহাক দার
ঢাকায় তিন দিনের সরকারি সফরে আসা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের বাসভবনে সাক্ষাৎ করবেন। তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেবেন।
এর আগে শনিবার বিকেলে তিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
নির্ধারিত সাক্ষাৎ ও বৈঠকগুলোতে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।