গুগলে হামলা: ঝুঁকিতে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী
গুগলের করপোরেট সেলসফোর্স ডাটাবেস সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে কুখ্যাত হ্যাকার গ্রুপ ‘শাইনি হান্টার্স’। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী ঝুঁকিতে পড়েছেন। খবর এনডিটিভির।
গুগল বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা আর্থিক তথ্য ফাঁস হয়নি। হ্যাকাররা অল্প সময়ের জন্য প্রবেশাধিকার পেয়ে মূলত ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের মতো সাধারণ ডেটা সংগ্রহ করেছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ইতোমধ্যেই ইমেইলের মাধ্যমে সতর্ক করা হয়েছে।
তবে আশঙ্কা রয়েছে, ‘শাইনি হান্টার্স’ ডেটা লিক সাইট চালু করে তথ্য ফাঁসের হুমকি দিয়ে চাঁদাবাজির চেষ্টা করতে পারে।
হ্যাকিংয়ের কৌশল সম্পর্কে গুগল জানিয়েছে, প্রথমে ভুক্তভোগীর সঙ্গে ভয়েস কলে যোগাযোগ করা হয়। সাধারণত মুলভাদ ভিপিএন বা টর আইপি ব্যবহার করে এ কাজ করা হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হয়, যা ট্র্যাকিং ও সনাক্তকরণ আরও জটিল করে তোলে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, শুরুতে হ্যাকাররা ওয়েবমেইল দিয়ে সেলসফোর্সের ট্রায়াল অ্যাকাউন্ট তৈরি করলেও এখন তারা হ্যাক হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্ষতিকর অ্যাপ নিবন্ধন করছে।

