ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২২ জন, ঢাকা বিভাগে ৫১ জন, বরিশালে ১০২ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ৪ জন এবং রাজশাহীতে ৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১১৮ জনের।
উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

