নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন নামে এক টিস্যু ব্যবসায়ী হত্যার মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিদের একজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. নাদির (৩৫) কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মো. মানিক মিয়া (৪১) এবং মোহন (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পাওনা টাকা আদায়ের সময় বেলাল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নেয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর তাঁর ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।