সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগীকে আটক
মঙ্গলবার (২৬ আগস্ট) সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। অভিযানে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও অস্ত্র, গোলাবারুদ সরবরাহে জড়িত ছিলেন।
আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।