আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভিসির
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ভিসি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবে কাম্য নয়। তিনি জানান, শিক্ষার্থীরা যখন তাদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছিল, তখন পুলিশ নির্মমভাবে তাদের ওপর লাঠিচার্জ করে। এই ঘটনায় টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করা হয়, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
ভিসি আরও জানান, আহত শিক্ষার্থীদের বুয়েটের পক্ষ থেকে যতটা সম্ভব চিকিৎসা দেওয়া হয়েছে। যারা এখনো ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে তিনি ও প্রো-ভিসি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের জন্য কমিটি গঠনের অনুরোধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হলেও, শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ‘কমিটি মানি না’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ভিসি তখন শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, তাদের কোনো বক্তব্য থাকলে তা কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করার সময় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
এদিকে, এই ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বের তিন দফা দাবি থেকে সরে এসে পাঁচ দফা নতুন দাবি পেশ করেছেন। তারা সরকারের গঠিত কমিটিও প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

