‘অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৫ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

সংগৃহীত ছবি

কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং পরবর্তীতে আরও ফ্লাইট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও সম্প্রসারিত রানওয়ের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি স্থানীয় জনগণ ও অবৈধভাবে বসবাসরতদের উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সম্প্রসারিত রানওয়েতে বড় আকারের বিমান অবতরণ সম্ভব হবে। এ কারণে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অংশ হিসেবে এরইমধ্যে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে এবং আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কাজ চলমান রয়েছে।