আহত নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে প্রেস সচিব
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান।
এর আগে, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আহত হন।
প্রাথমিকভাবে নুরকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৯টার পর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসেন, যেখানে নুরুল হক নুর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে।