প্রধান উপদেষ্টা ফোন করে নুরের খোঁজ নিলেন, তদন্তের আশ্বাস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (৩০ আগস্ট) দুপুরে মোবাইলে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনে তিনি নুরকে আশ্বাস দিয়েছেন, কাকরাইলের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনটির উচ্চতর সদস্য আবু হানিফ জানান, নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ঢামেক হাসপাতালে নুরকে দেখতে গিয়েছিলেন।
গত শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে নুরসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, নুরের মুখ এবং বুক রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে হাসপাতালে আনা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ আলোচনায় বসবে। নুরের জ্ঞান ফিরেছে, মাথায় ও নাকে আঘাতের চিহ্ন আছে। ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না।