বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
রাজধানীতে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (৩১ আগস্ট) তাঁর বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।
এদিকে প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশনও ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে। সেই রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের রোডম্যাপে আরও বলা হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।