ঢাকা ও আশপাশে ১৩ মাসে ১ হাজার ৬০৪ অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৪ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ মাসে ঢাকা ও আশপাশের এলাকায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও আশপাশে রাস্তায় ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। এগুলো সড়কে করলে জনদুর্ভোগ তৈরি হয়, যানজট বাড়ে। একটি রাস্তার কোণা ব্লক হলে পুরো ঢাকায় প্রভাব পড়ে।

তিনি সংগঠনগুলোকে সড়কের পরিবর্তে সুনির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের কর্মসূচি করার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি-দাওয়া থাকবে। কিন্তু সেটি এমনভাবে করতে হবে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সে হিসাবে চলতি সময়ে সরকারের ১৩ মাস পূর্ণ হলো।

Nagad