বাকৃবিতে বিক্ষোভ: ‘আমাদের হল ছাড়তে হলে শিক্ষকদেরও কোয়ার্টার ছাড়তে হবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন । সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে এসে জড়ো হন। এসময় তারা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নিলেও নিরাপত্তাজনিত কারণে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী হলত্যাগ করেছেন।

শিক্ষার্থী আতিক অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলার বিচার না করে আবার হল ছাড়ার ফন্দি করলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না।

আরেক শিক্ষার্থী তারেক বলেন, আমরা শিক্ষার্থীরা কেন হল ছাড়বো? যদি ছাড়তে হয়, তাহলে শিক্ষকদেরও কোয়ার্টার ছাড়তে হবে।

এদিকে সকাল থেকেই ক্যাম্পাসে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।

Nagad

নারী শিক্ষার্থী তাসফিয়া জানান, আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হবো।
শিক্ষার্থী ফারাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে হলে থাকা কঠিন হয়ে গেছে। তবে আমরা চাই দ্রুতই স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।