বিএনপিকে ধ্বংসের বহু চেষ্টা হয়েছে, তবু টিকে আছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৬ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

বিএনপিকে ধ্বংসের বহু চেষ্টা হয়েছে, তবু টিকে আছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে ধ্বংস করার জন্য একাধিকবার চেষ্টা চালানো হলেও দলটি প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা ও ১৭০০ নেতাকর্মীকে গুম করার চেষ্টা করা হয়েছে। “তবুও বিএনপি ফিনিক্স পাখির মতোই পুনর্জন্ম লাভ করেছে, বলেন তিনি।

তিনি আরও জানান, গত ১৫ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে এসেছে। নির্বাসিত অবস্থায় থেকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অবশেষে জনগণের শক্তি আর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি, যোগ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মহাসচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে। এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাজনীতি ও প্রশাসনে আমূল পরিবর্তন আনা হবে।

এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়া গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন এবং পোশাক শিল্পের বিকাশ ঘটিয়েছিলেন। অন্যদিকে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন।

Nagad

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।