নির্বাচন বানচালের চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৫

নির্বাচন বানচালের চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। এ নির্বাচনে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বা ‘থাবা মারার’ সুযোগ থাকবে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, যারা আগে কখনো ভোট দিতে পারেনি, তাদের জন্য এই নির্বাচন হবে এক নতুন অভিজ্ঞতা। আর যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, তারাও এবার ভালো অভিজ্ঞতা পাবেন। কেউ যেন বলতে না পারেন- আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানা রকম বাধা ও ষড়যন্ত্রের চেষ্টা হবে। আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজন করা। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এবারের নির্বাচন হবে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের নির্বাচন- নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের এবং নিজেদের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন।

এসময় তিনি আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং গণ্ডগোল সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

Nagad